ঢাকায় দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার পরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক এ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় বাহিনীর সংস্কার, সক্ষমতা বৃদ্ধি ও দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।
পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর ওয়ার্ড, জোন ও থানা এলাকাভিত্তিক প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হবে। আনসার-ভিডিপির ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত এসব স্বেচ্ছাসেবী দুর্যোগের সময় ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে দ্রুত সাড়া দেওয়ার পাশাপাশি উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেবেন।
প্রস্তাবিত ১ লাখ স্বেচ্ছাসেবীকে আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য আকস্মিক দুর্যোগ মোকাবিলায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও তুলে ধরা হয়। এর মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে দ্রুত দুর্যোগ মোকাবিলার সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
মন্ত্রী এ কর্মপরিকল্পনার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে আনসার-ভিডিপি মহাপরিচালক বাহিনীর চলমান সংস্কার, সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের বিষয়েও মন্ত্রীকে অবহিত করেন। দেশের বিভিন্ন দুর্যোগে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
তিনি জানান, উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও অন্যান্য দুর্যোগে স্থানীয় পর্যায়ে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন।
এ ছাড়া উপকূলীয় ও পার্বত্য অঞ্চলে বাস্তবায়নাধীন ‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পরিবেশ সহনশীলতা এবং অভিযোজন সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের অগ্রগতির বিষয়েও মন্ত্রীকে অবহিত করা হয়। প্রকল্পের আওতায় বাগেরহাট, দিনাজপুর, বরগুনা ও রাঙামাটিতে স্থানীয় ভিডিপি সদস্যদের জন্য পরিবেশবান্ধব প্ল্যান্ট, রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম ও রিভার্স অসমোসিস (RO) সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাম্প্রতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দ্রুত সাড়াদান, উদ্ধার অভিযান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবীদের একটি সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে উঠবে। এতে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগের পরপরই স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া দেওয়া ও উদ্ধার এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ভোরের আকাশ/জেআ