মুগদা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ড্যাব

মুগদা মেডিকেলে চিকিৎসকদের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ড্যাবের সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন গত ১৫ই আগস্ট শুক্রবার রাত দেড়টায় হাসপাতালে মেডিসিন বিভাগে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের উপরে হামলা চালায় কিছু দুষ্কৃতিকারী।
এ সময় অনারারী চিকিৎসক ডাঃ মোশাররফ হোসেন ও একজন ওয়ার্ড বয়কে টেনে হেঁচড়ে মাটিতে ফেলে মারধরের ঘটনা ঘটে। মুগদা মেডিকেল হাসপাতালে সংগঠিত ন্যাক্কারজনক এ ঘটনা চিকিৎসক সমাজকে গভীর ভাবে মর্মাহত করেছে। চিকিৎসকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকে দিনরাত নিরলসভাবে ভাবে কাজ করে যাচ্ছে। সেই চিকিৎসকের উপরে হামলা ও শারীরিক লাঞ্চিত করা একটি অত্যন্ত নিন্দনীয় অপরাধ।
পরিশেষে, ড্যাব নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে সনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
ভোরের আকাশ/এনএস