হলমার্কের এমডি তানভীর মাহমুদ মারা গেছেন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই বিভাগের চিকিৎসক ডা. আতিক শাহরিয়ার তাকে মৃত ঘোষণা করেন। তানভীর মাহমুদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।
প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত জটিলতা ছিল তার।
উল্লেখ্য, অস্তিত্বহীন কোম্পানির নামে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারপারসন জেসমিন ইসলামসহ ৯ জনকে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
এর আগে, সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। এসব মামলার একটিতে তানভীর মাহমুদসহ সংশ্লিষ্টরা সাজাপ্রাপ্ত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ