বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন

ঢাকা-৪ ও ৫ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর শ্যামপুর লাল মসজিদে বেলা ৩টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।জানাজায় দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
এর আগে বুধবার বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের আরও দুটি জানাজা অনুষ্ঠিত হয়।শ্যামপুর লাল মসজিদে জানাজা শুরুর আগে তার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বাবা সব সময় এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর কথা বলতেন। তাঁর শেষ ইচ্ছা ছিল এই লাল মসজিদের কাজ শেষ করে দেখে যাওয়া। তিনি এলাকায় একটি হাসপাতাল নির্মাণের কথাও বলতেন।”
এ সময় বাবার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে তানভীর আহমেদ রবিন বলেন, “আমার বাবা যদি কারও সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে থাকেন, সে জন্য আমি আপনাদের কাছে বাবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।”
জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় তিনি বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
উল্লেখ্য, সাবেক এই সংসদ সদস্য (৮০) মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। তিনি সর্বদা জনগণের কল্যাণ ও নিরাপত্তার লক্ষ্যে কাজ করে যাওয়ার আহ্বান দিয়েছেন।
ভোরের আকাশ/এনএস