রাজধানীর গাবতলীতে অজ্ঞাত লাশ উদ্ধার

রাজধানীর গাবতলী এলাকায় ড্রেনের পানিতে অজ্ঞাতনামা এক পুরুষের (৩৮) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ। গত বুধবার (১২ আগস্ট) গাবতলী বাসস্ট্যান্ড এলাকার বাগবাড়ী এসএ খালেক সিটি, প্লট নম্বর-২৫-এর নির্মাণাধীন ভবনের পাশের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির পরনে ছিল কালো রঙের ট্রাউজার এবং ঢাকা-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএ সিদ্দিক সাজুর ফুটবল প্রতীকের ছাপযুক্ত সাদা রঙের হাফহাতা গেঞ্জি।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১৩ আগস্ট ২০২৬ তারিখে ১৬ নম্বরে রুজু করা হয়। এতে দণ্ডবিধি-১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভোরের আকাশ/সু.পা