রাজধানীর নিউমার্কেট থেকে ১১ শতাধিক সামুরাই চাপাতি উদ্ধার

রাজধানীর নিউমার্কেটের তিনটি দোকান থেকে ১১ শতাধিক সামুরাই চাপাতি ও বিভিন্ন দেশি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। শনিবার নিউমার্কেটের নিচতলার তিনটি দোকানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম।
তিনি জানান, সামুরাই, চাপাতি ও ধারালো অস্ত্র ব্যবহার করে কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলাবহির্ভূত কার্যক্রম চালায়। সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অস্ত্রের বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান মেলে। এ পর্যন্ত এক হাজার ১০০ অস্ত্র গণনা করা হয়েছে, আরও কিছু গণনা বাকি আছে।

সেনাবাহিনী জানায়, কিছু দোকানে রান্নাঘরের সামগ্রীর আড়ালে গোপনে এসব অস্ত্র বিক্রি হতো। এমনকি হোম ডেলিভারি ও ভাড়ায়ও সরবরাহ করা হতো। গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা এসব অস্ত্র কিশোর গ্যাং ও অপরাধীদের কাছে বিক্রি করত, তবে নিজেরা কোনো অপরাধে ব্যবহার করত না।

গ্রেপ্তার ৯ জনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ত্রগুলো দেশি নাকি আমদানি করা—এ বিষয়ে তদন্ত চলছে, পাশাপাশি সরবরাহ চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ//হ.র