পুরান ঢাকার চকবাজারে আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারের ওই মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সাততলা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুনের কারণে ভবনটিতে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ভোরের আকাশ/জেআ