অবৈধ হকার উচ্ছেদে এবার ডিএনসিসির লক্ষ্য মোহাম্মদপুর

মোহাম্মদপুরের ফুটপাতও মিরপুরের মতো অবৈধ হকারমুক্ত করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার খাল সংস্কার ও পুনরুদ্ধার, ডেঙ্গুমুক্ত নগরায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফুটপাত অবৈধ দখলমুক্ত করে জনগণের চলাচল নিশ্চিতকরণ এবং অটোরিকশা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
শনিবার (১০ অক্টোবর) মোহাম্মদপুর বসিলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করেপারেশন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এবং মোহাম্মদপুর ৪০ ফিট খাল সংস্কার কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনিসিস প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণ যা চায় তাই করা হবে এবং জনগণ যা চায় না তা কখনো করা হবে না।
তিনি বলেন, মিরপুর-১০ এর ফুটপাতে হকার উচ্ছেদ ও অবৈধ দখলের বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে এবং জনগণ উত্তর সিটি করপোরেশনের এই অভিযানকে স্বাগত জানিয়েছে। তাই মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে।
শফিকুল ইসলাম খান বলেন, অটোরিকশা এখন ঢাকা শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণ এখন আর ঢাকা শহরে অটোরিকশা দেখতে চায় না। এই অটোরিকশা প্রতিদিন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার এই সমস্যা সমাধানে কাজ করছে।
তিনি বলেন, ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে মোহাম্মদপুরবাসী ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাশে থেকে কাজ করবে এবং এডিস মশার লার্ভা ধ্বংসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাবে।
বাসাবাড়ির ময়লা-আবর্জনা ও বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সবাই একযোগে এগিয়ে আশার আহ্বানও জানান ডিএনসিসি প্রশাসক।
ভোরের আকাশ/জেআ