ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের ব্লক রেইড, গ্রেপ্তার ১০৭

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পাশাপাশি নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেপ্তারের বিষয়ে নিয়াজ মেহেদী বলেন, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হবে।
ভোরের আকাশ/জেআ