তেজগাঁও বক্ষব্যাধি হাসপাতালে আনসারের অভিযানে দালাল আটক

রাজধানীর তেজগাঁও থানাধীন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তৎপরতায় দালাল চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার মাধ্যমে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। এ ধরনের কর্মকাণ্ড রোধে আনসার সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছেন।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) সকাল প্রায় ৯টার দিকে গাজীপুর থেকে চিকিৎসার জন্য আসা মোছা. আয়েশা (৫০)-কে দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মো. সিয়াম (২৪)।
দায়িত্বরত আনসার সদস্যদের নজরে বিষয়টি আসার সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়। অভিযানে প্লাটুন কমান্ডার (পিসি) মোহাম্মদ হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দালালির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তিনি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেন। এরপর তাকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের প্রশংসা করে হাসপাতাল প্রাঙ্গণ দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দালালচক্র, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে তাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
ভোরের আকাশ/জেআ