বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে মোহাম্মদ শাহবাজ (২৬) নামের এক পাকিস্তানি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা-পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এফ ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাসার ভেতরে শাহবাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ভবনের দারোয়ান। তিনি পুলিশকে খবর দেন।
খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ঋণগ্রস্ততা, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে হতাশা থেকে শাহবাজ আত্মহত্যা করে থাকতে পারেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জুবায়ের জানান, শাহবাজ বাংলাদেশে বসবাস করতেন।
তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার বাবার নাম নাজির আহমেদ। পাকিস্তানের মুলতান জেলার জালালপুর থানার চাহ গোলাম মোহাম্মদ গ্রামে তার বাড়ি।
ভোরের আকাশ/আ.র