৫ আগস্টের পর অনেকে লোভে পড়েছে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ৫আগস্টের পর অনেকে লোভে পড়েছে। টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে কেউ যদি ভাবে পার পেয়ে যাবে, তবে সেটা দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে যুব সংহতির আয়োজনে ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি-না, সে নিয়েই সন্দেহ আছে। তারা সেই পরিবেশ বা অধ্যায় তৈরি করেনি। দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র বা দেশ নয়, বরং দুর্নীতি ও ক্ষমতা ছিল তাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, মানুষের কোনো কিছু রিসিভ করার প্রবণতা কমে যাচ্ছে। ১৭ বছরের অত্যাচার গুম-খুন থেকে ইচ্ছে করলেই আমরা বের হতে পারছি না। যারা অকারণে রাজনীতি করে, তারা এটাকেই রাজনীতি বলে মনে করছে। তবে এটা আমাদের রাজনীতি নয় গত ১৭ বছরে আমরা কতটা নির্যাতনের শিকার হয়েছি, তা ৩৬ দিনের আন্দোলনের অভিজ্ঞতায় স্পষ্ট। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর গুণগতমান পরিবর্তন করা জরুরি।
বিএনপির এই নেতা মনে করেন, নতুন যে রাজনৈতিক দল এসেছে, তাদের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত ছিল। পরামর্শ দেওয়া উচিত ছিল, কিন্তু সরকার সেই পরিবেশ তৈরি করেনি। এমনকি এই সরকার কতটুকু সংস্কার করতে পারবে এসব নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতা শেয়ার করা উচিত ছিল। কিন্তু তারা তা করছে না।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বর্তমান অর্ন্তবর্তী সরকার দেশের তরুণদের পথভ্রষ্ট করেছে। এই সরকার অভ্যুত্থানের তাৎপর্য ধারণ করতে পারেনি। আমরা শর্তহীনভাবে বর্তমান সরকারকে সমর্থন জানিয়েছিলাম কিন্তু সরকার তা বুঝতে পারেননি। তারা মনন ও দূরদর্শিতার অভাবে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, এই সরকার একটা পক্ষ অবলম্বন করেছে। পথভ্রষ্ট করেছে তরুণদের। জনগণের ওপর ভর করার বদলে অল্প কিছু তরুণদের ওপর ভর করেছে। তাতে বিতর্কিত হয়েছে।
সাইফুল হক বলেন, এই এক বছরের ভেতর এত বিতর্কিত হওয়া অনাকাঙ্ক্ষিত। গোটা একটা তরুণ প্রজন্মকে হতাশায় নিমজ্জিত করা অনেক বড় ফৌজদারি অপরাধের চেয়ে বড় অপরাধ। তবে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়াটা ইতিবাচক।
ভোরের আকাশ/জাআ