সুষ্ঠু ভোটের লক্ষ্যে আওয়ামী প্রেতাত্মাকে প্রশাসন থেকে অপসরণ করুন: ফারুক

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের বিরোধীদলের সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন রোড ম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচনকে বানচাল করার জন্য গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুর ও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলায় আহত করে হাসপাতালে পাঠিয়েছে। বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুর্নবাসন করার জন্য হীন চক্রান্ত শুরু হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী প্রেতাত্মারা এখন দেশে বসে ষড়যন্ত্র করছে বলেও জনগন মনে করছে। অবিলম্বে আওয়ামী প্রেতাত্মাকে প্রশাসন থেকে অপসরণ করে সুষ্ঠু নির্বাচন দেওয়া দাবি রাখেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) নোয়াখালীর সেনবাগ পৌর শহরের থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদের বিরোধীদলের সাবেক চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেন, অর্ন্তবর্তী সরকার বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দিবে, যা ইতিহাস হয়ে থাকবে। এই সরকার প্রমান করে দিবে, ৯১ সালের চেয়ে অবাধ, সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি সংসদ উপহার দিবে জাতিকে। যারা নির্বাচিত হবেন তারাই জনগনের প্রতিনিধি। এই নির্বাচনকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল নেতাকর্মীদেও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব ও ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের শক্তি ও সাহস দিয়ে যে দলকে ১৬ ঐক্যবদ্ধ রেখেছেন, সেই দলের দিকে চেয়ে আছে দেশের গণতন্ত্রকামী মানুষ। দেশের মানুষ আজ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। ভোটের মধ্যদিয়ে জনগনের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে চায় জনগন। জনগনের আশা-আঙ্খার প্রতিফলন ঘটানোর জন্য নির্বাচিত সংসদ দরকার। তাই কোন কূচক্রী মহল যাতে নির্বাচন বানচাল করতে না পারে, সেজন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, যারা ৭১ এ ভুল করেছে, তারা নতুন জন্ম নিয়েছে। তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআার বুঝেন...? আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কবর থেকে উঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, সেনবাগ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ন-সম্পাদক আমিন উল্যাহ বিএসসি প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ