গণহত্যার জন্য শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।
তিনি বলেন, আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতন, হত্যা, গুম-খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি।
তিনি আরও বলেন, নির্বাচন আর সংস্কার কখনও সাংঘর্ষিক নয়। দেশের জনগণ নির্বাচন চায়। যারা নির্বাচন পেছানোর কথা বলছেন, তারা বিষয়টি আরও ভেবে দেখবেন। দেশ বাঁচাতে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকে সঠিক সময়ে জাতীয় নির্বাচন দিতে হবে।
গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশে হাজার মানুষ হত্যার দায় নিয়ে ১১ মাস আগে ভারতে পালিয়ে যান জনরোষে পদচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা। এত দীর্ঘ সময় পরও শেখ হাসিনা ও তার দলের বিচার না হওয়া দুঃখজনক।
এ সময় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।
ভোরের আকাশ/এসএইচ