ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পিআরসহ ৫ দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মাদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষণা না করা হয়, তবে সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলনে নামতে হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, কেবল ক্ষমতার জন্য জুলাই অভ্যুত্থান হয়নি। দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের কবল থেকে রক্ষা করতে মৌলিক সংস্কার ছিল মূল উদ্দেশ্য। কিন্তু বিচার ও সংস্কারের গুরুত্ব না দিয়ে শুধু নির্বাচনকে মুখ্য করা হয়েছে, যা দেশকে অশুভ পরিস্থিতিতে ফেলবে।
তিনি আরও জানান, আগামী নির্বাচনে ইসলামী দলগুলো এক বক্সে ভোট আনার বিষয়ে অনেকটা কাছাকাছি অবস্থানে পৌঁছেছে।
ভোরের আকাশ/এসএইচ