'ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও'

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেয়া-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপন বাতিল না হলে আগামীকাল মঙ্গলবার ইসি ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন আবারও ‘জুলাইয়ের মতো অন্ধকার গলিপথে হাঁটছে’।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তব্যে জামায়াত আমির বলেন, সন্ধ্যার মধ্যে ওই প্রজ্ঞাপন বাতিল না হলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
জামায়াত আমির দাবি করেন, একটি পক্ষ পরাজয়ের আশঙ্কায় ভোট ছিনতাইয়ের চেষ্টা করছে। যারা ‘চোরাই পথে’ ক্ষমতায় যেতে চায়, তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে সেই পথ বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের কিছু ব্যক্তি নির্দিষ্ট কিছু মানুষকে বিজয়ী করতে তৎপর। জনগণের রায় উপেক্ষা করে কোনো ধরনের কারচুপির চেষ্টা করা হলে দেশে আবারও ‘জুলাই’ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ