জামায়াত থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়া সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে এবার জামায়াতের নাম পরিবর্তনের দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।
বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটা তুলে দিতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি ধর্ম অবমাননা তারা এবং তাদের নেতাকর্মীরাই করে চলেছে। আমাদের বিশ্বাস, তারা ধারাবাহিকভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে চলেছে।”
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে এক তরুণীর সঙ্গে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
উল্লেখ্য, ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া এসেছে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এনএ