চীন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে বিএনপির উচ্চ পর্যায়ের ৯ সদস্যের প্রতিনিধি দল চীন সফর শেষ করে দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ জুন) রাত ১০টা ৪০ মিনিটে তাদের বহনকারী চায়না এয়ারওয়েজের বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকায় ফেরার পথে চীনের শিয়ান বিমানবন্দরে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
প্রতিনিধি দল শুক্রবার সকালে সানঝি প্রদেশের জিয়ান শহরতলিতে একটি আদর্শ কমিউনিটি পরিদর্শন করেন। কমিউনিটি কমিটির সেক্রেটারি তাদের স্বাগত জানান ও সদস্যদের স্বাস্থ্যসেবা, স্বেচ্ছাশ্রম, প্রতিবন্ধী পুনর্বাসন ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান।
তারা আদর্শ কমিউনিটির সংযুক্ত জাদুঘরেও যান, যেখানে চীনের বিপ্লব ও স্বাধীনতার ইতিহাস শিশুদের জন্য উপস্থাপন করা হয়।
পরিদর্শনের শেষে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক বিদায় জানান।
ভোরের আকাশ/হ.র