দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: শফিকুর রহমান

সরকার জনগণের সঙ্গে ওয়াদা করে তা লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দলীয় ঐক্য জনগণের পাশে রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনে অংশ নেওয়া জনগণের সঙ্গীদের অনেকে শহীদ হয়েছেন। তাদের দাবিগুলো এখনো পূরণ হয়নি। সেই দাবি পূরণের জন্যই ১১ দলীয় ঐক্য রাজপথে নেমেছে। দাবি পূরণ করেই তারা ঘরে ফিরবেন বলে জানান তিনি।
তিনি বলেন, গণভোটের গণরায় ও ২০২৪-এর চার্টার বাস্তবায়নের জন্য তারা রাস্তায় নেমেছেন। পাশাপাশি মানুষের চুলায় গ্যাস ফিরিয়ে দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ও মানুষের জীবনযাত্রার সংকট নিরসনের দাবিতেও এই কর্মসূচি পালন করা হচ্ছে।
জামায়াত আমির বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা আল্লাহ কবুল করবেন বলে তারা আশাবাদী। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি লংমার্চ সফল করতে সবার দোয়া কামনা করেন।
তিনি আরও বলেন, এই লংমার্চ আজ শুরু হয়েছে, এটি শেষ নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুলসহ ১১ দলীয় ঐক্যের নেতারা।
এ ছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ