জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল

দীর্ঘ প্রতীক্ষার পর আজ (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। এই ঐতিহাসিক আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দলটির মহাসচিবের নেতৃত্বে যাঁরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তারা হলেন—
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ।
এ প্রতিনিধি দলের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল (সোমবার) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে। রাত ৮টা ৩০ মিনিটে শুরু হয়ে বৈঠকটি শেষ হয় রাত সাড়ে ১০টায়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রসঙ্গত, ‘জুলাই ঘোষণাপত্র’কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এই ঘোষণার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ রূপরেখা ও সংস্কার পরিকল্পনার আনুষ্ঠানিক দিক-নির্দেশনা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র