বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য তারেক পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ আসর রাজধানীতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া- মাহফিলে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ের কর্মকর্তা অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী। দোয়া-মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির খান।
এদিকে রাজধানী ঢাকার ভাষানটেক এতিমখানা, মিরপুরের বাউনিয়াবাদ মহিলা মাদরাসা এতিমখানা, নারায়ণগঞ্জে সোনারগাঁও এতিমখানা, বগুড়ার গাবতলী উপজেলাতে পদ্মপাড়ায় মসজিদে আর রহমান, লাঠিগঞ্জ অন্ধ মাদরাসা ও এতিমখানা এবং পদ্মপাড়া কারিগরি এতিমখানাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করে স্থানীয় বিএনপি।
ভোরের আকাশ/এসএইচ