বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল না এবং কোনো নির্দিষ্ট এজেন্ডাও ছিল না। তবে বৈঠক শেষে জানানো হয়, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়েই তারেক রহমানকে চেয়ারম্যান নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন যে, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হবে।
ভোরের আকাশ/নি. ব