তিন অগ্রাধিকার বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১৮০ দিনের পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া তিনটি বিষয়েই তারা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলামোটরের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান নিয়ে এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে তারা ১৮০ দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল। সেখানে তারা তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়েছিল—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ-জ্বলানি সরবরাহ। এই ছয় মাসে তিনটি বিষয়ে তারা নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, সরকার তাদের ১৮০ দিন অতিবাহিত করেছে, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতি কী রকম ছিল, সরকারের ব্যবস্থাপনা কী রকম ছিল, ১৮০ দিন উপলক্ষে সরকার নিজেরা প্রেস ব্রিফিং করেছে। তারা একটা ই-বুক প্রকাশ করেছে। দেখেছি, তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠনের ১৮০ দিনে এর অধিকাংশই রক্ষা করতে পারেনি।
দেশে যে সংকট তৈরি হয়েছে, সে বিষয়েও তাদের জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ব্যর্থতার পরও তারা নিজেদের সফলতা দাবি করছে।
ভোরের আকাশ/জেআ