চেকপোস্টে স্ত্রীসহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নেতা গ্রেফতার

ঝিনাইদহের প্রভাবশালী নেতা ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ আটক হয়েছেন। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর স্ত্রী-সন্তানসহ চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
শনিবার (৩১ মে) বিকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকাশ কুমারকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
বিকাশ কুমার ঘোষ (৫০) ঝিনাইদহের খর্দ এলাকার বিমল কুমার ঘোষের ছেলে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, গত ১৩ মে স্ত্রী সন্তানসহ ভারতে প্রবেশ করেছিলেন তিনি। ১৭ দিন পর শনিবার (৩১ মে) বিকেলে তারা চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তারা ইমিগ্রেশন শেষ করতে গেলে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আওয়ামী লীগ নেতা বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। তবে দর্শনা ইমিগ্রেশনে তিনি কালো তালিকাভুক্ত থাকায় তাকে আটক করা হয় বলে ইমিগ্রেশনের কর্মকর্তারা জানান।
উল্লেখ্য, বিকাশ কুমার ঘোষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঞ্চল্যকর এমপি আনার অপহরণ ও হত্যা মামলার আসামি সাইদুল করিম মিন্টুর ঘনিষ্ঠ ছিলেন। সেই সুবাদে তিনি তরুণ বয়সেই ঝিনাইদহ জেলা জজ আদালতের জিপি পদে নিয়োগ পান। এ ছাড়া প্রবীণ নেতৃবৃন্দকে টপকে তিনি বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদ। ঝিনাইদহের আদালতপাড়ায় হন একচ্ছত্র প্রভাবশালীদের একজন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, তার বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা রয়েছে।
ভোরের আকাশ/এসআই