মাটি কামড়ে দেশেই ছিলাম, দেশ ছাড়িনি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বাইরে তাদের কোনো পিসির বাড়ি বা দাদাবাবুর বাড়ি নেই। নানা নির্যাতনের মধ্যেও তারা দেশ ছেড়ে যাননি, মাটি কামড়ে দেশেই ছিলেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামগামী লংমার্চের পথে ফেনীর মহিপালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশই আমাদের গর্বের ঠিকানা। সুখে-দুঃখে জনগণের সঙ্গে ছিলাম। আকাশে বজ্রপাত হলেও আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রথম দিন থেকেই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হয়েছে। সরকার একটির সিদ্ধান্ত মেনে নিলেও অন্যটি মানছে না। এর জন্য সরকারকে করুণ পরিণতির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সরকারের ছয় মাস অতিবাহিত হলেও উল্লেখযোগ্য কোনো বিচারকার্য এগোয়নি। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, জুলাই গণহত্যা ও শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে নতুন করে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। যারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিয়ে টান দিলে বিরোধী দলের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা। দেশের বিভিন্ন ক্ষেত্রে ‘বেপরোয়া’ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দল বসে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
যুবকদের উদ্দেশে তিনি বলেন, তাদের ভবিষ্যৎ গড়াই এখন প্রধান লক্ষ্য। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এ লক্ষ্যে যুবকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, রাজপথে বিরোধী দলকে দমন-নিপীড়ন করা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিরোধী দলের সহযোগিতা চাইলে ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাছিরুদ্দীন পাটোয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জামায়াতের ফেনী-১ আসনের সংসদ প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনসহ ১১ দলীয় জোটের নেতারা।
পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।
ভোরের আকাশ/জেআ