তৃতীয় মেয়াদে জামায়াত আমির হিসেবে শপথ নিলেন ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৮ মেয়াদে তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ডা. শফিকুর রহমানকে শপথ পাঠ করালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম। এসময় দলটির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকনদের) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।
পরে ১ নভেম্বর রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।
ভোরের আকাশ/এসএইচ