শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন তারেক রহমান

রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারতের সুযোগ পেলেন তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন।
এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান।
এরআগে, শুক্রবার দুপুর আড়াইটার সময় তিনি গুলশানের বাসা থেকে কবর জিয়ারত ও জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে বের হন।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে তারেক রহমান লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলে বুলেটপ্রুফ বাসে করে তারেক রহমান পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে পৌঁছান। এ সময় রাস্তার দুই ধারে নেতা-কর্মী-সমর্থকদের ঢল নামে।
ভোরের আকাশ/মো.আ.