গুলশান আজাদ মসজিদে বেগম জিয়ার দোয়া মাহফিলে তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীর গুলশানে আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।
বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া এই মাহফিলে আজাদ মসজিদ প্রাঙ্গণ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এতে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রিয় নেত্রীর স্মরণে আয়োজিত এই বিশেষ প্রার্থনা সভায় অনেক নেতাকর্মীকে আবেগাপ্লুত হয়ে অশ্রু বিসর্জন দিতে দেখা যায়।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তার অবদানের কথা স্মরণ করা হয়। মোনাজাতে তার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব, যেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও আমিনুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো কর্মী শরিক হন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম জিয়ার আদর্শ ও দেশপ্রেমকে পাথেয় করে আগামী দিনে জনগণের অধিকার আদায়ের লড়াই অব্যাহত থাকবে। দোয়া মাহফিল শেষে সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
ভোরের আকাশ/এসএইচ