তারেকের আম জনতার দলকে নিবন্ধন দেয়ার জোর দাবি ইশরাকের
নিবন্ধন দাবিতে আম জনতার দলের সদস্যসচিব তারেক রহমানের প্রতি সমর্মিতা জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আমি তার দলের নিবন্ধন দেয়ার জোর দাবি জানাচ্ছি।
রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারেকের অনশনের প্রতি সংহতি প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে তার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, অথচ তারেকের দলকে এখনও দেওয়া হয়নি। যদি তার দলকে নিবন্ধন না দেওয়া হয়, তবে যেসব দলকে অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোর রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে।
তিনি বলেন, যে দুই ছাত্র উপদেষ্টার কারণে নাকি তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না আপনি কি তার মন্তব্যের সাথে একমত, এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, এটা আমি অস্বীকার করবো না। উড়িয়েও দেওয়ারও কোনো সুযোগ নেই। কারণ তিনি যথেষ্ট সমালোচক ছিলেন এই সরকারের। তারেক রহমান সমালোচনা করে গিয়েছেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলেছেন। তাই এটা উড়িয়ে দেওয়া যায় না যে, রাজনৈতিক কোনো শক্ত প্রতিপক্ষ দাঁড়িয়ে যায় কি না। যেহেতু তারা সমবয়সী একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসেছে, সেটি একটি কারণ হতে পারে।
তিনি আরও বলেন, আজ আমি তারেক রহমানের প্রতি সহমর্মিতা জানাতে এসেছি। তার পাশে একজন সহযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে জোরালোভাবে দাবি জানাচ্ছি, অবিলম্বে তার দলের নিবন্ধন দিতে হবে।
এর আগে, ৪ নভেম্বর নির্বাচনী নিবন্ধন প্রক্রিয়ায় ‘আম জনতার দল’ ছিটকে পড়ায় তারেক রহমান ইসির মূল ফটকের সামনে অনশন শুরু করেন।
ভোরের আকাশ/এসএইচ