শেখ হাসিনার ফেরা নিয়ে বিস্ফোরক স্ট্যাটাস দিলেন সোহেল তাজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেও ক্ষমতায় যেতে পারবেন না; বরং তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।
পোস্টে সোহেল তাজ উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, একজন রাজনৈতিক নেতার উচিত নিজের কর্মকাণ্ডের বিষয়ে আত্মসমালোচনা ও জবাবদিহির মনোভাব দেখানো। তার দাবি, অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে আত্মসমালোচনার পরিবর্তে ভিন্ন ব্যাখ্যা তুলে ধরা হলে তা দল ও জনগণের জন্য বিভ্রান্তিকর হতে পারে।
সোহেল তাজ আরও দাবি করেন, ইতিহাসে ক্ষমতাচ্যুত কোনো শাসকের পুনরায় ক্ষমতায় ফিরে আসার ঘটনা খুবই বিরল। তিনি উদাহরণ হিসেবে ব্রাজিলের গেতুলিও ভার্গাস, বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান (দ্বিতীয়) এবং মেক্সিকোর আন্তোনিও লোপেজ দে সান্তা আনার নাম উল্লেখ করেন। তবে তার মতে, এসব ঘটনা সামরিক অভ্যুত্থানের প্রেক্ষাপটে ঘটেছিল, যা বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে এক নয়।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারেন, তবে তার মতে, সেই প্রত্যাবর্তন রাজনৈতিক ক্ষমতায় ফেরার জন্য নয়; বরং আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার জন্য হতে পারে।
সোহেল তাজের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভোরের আকাশ/এনএ