ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তবে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যারা প্রাণ দিয়েছে, সেই শহীদ ভাইদের মরদেহ সরকারকে ফেরত দিতে হবে। একই সংবিধান ও ফ্যাসিবাদী ব্যবস্থায় যদি নির্বাচন হয়, তবে এত মানুষের আত্মত্যাগের প্রয়োজন ছিল না।”
যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আরেকটি ফ্যাসিবাদের কারখানা এখনো রয়ে গেছে, তা হলো বঙ্গভবন। এর পতন হবে আপনাদের হাত ধরে, ইনশাআল্লাহ।”
ভোরের আকাশ//হ.র