রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ ৭ আলেম
ইমারাতে ইসলামিয়ার রাষ্ট্রীয় আমন্ত্রণে মাওলানা মামুনুল হকসহ বাংলাদেশের ওলামায়ে কেরামের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে গেছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে তারা দেশটির রাজধানী কাবুলে পৌঁছান। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দলের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ এ তথ্য জানান।
প্রতিনিধি দলে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

সফরকালে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্কান্নয়নসহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলোকে প্রতিনিধি দল আলোচনায় অগ্রাধিকার দেবেন। এছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর মাওলানা মামুনুল হকসহ প্রতিনিধি দল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। সেখানে তারা ওমরাহ আদায় করেন এবং আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মক্কার প্রবাসীদের সঙ্গে এক সভায় মিলিত হন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে দুবাই হয়ে কাবুলে পৌঁছান। এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও দেশে মাওলানা মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ