আম্মা সালাম জানিয়েছেন: ড. ইউনূসকে বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন। পূর্ব নির্ধারিত বৈঠকের পূর্বে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি এবং বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে সালাম জানিয়েছেন বলে জানান।
শুক্রবার (১৩ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
তারেক রহমান হোটেল প্রাঙ্গণে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাকে স্বাগত জানান। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের রুম পর্যন্ত তারেক রহমানকে এগিয়ে দেওয়া হয়।
এ সময় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান হাসিমুখে করমর্দন করেন। সেই মুহূর্তের একটি ভিডিওতে দেখা যায়-
প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন, ‘খুব ভালো লাগছে।’
তারেক রহমানও বলেন, ‘আমার কাছেও খুব ভালো লাগছে।
আপনার শরীর কেমন?’
জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘চলছে, টাইনা টুইনা চলতে হয়।’
এ সময় তারেক রহমান বলেন, ‘আম্মা (বেগম খালেদা জিয়া) আপনাকে সালাম জানিয়েছেন।’
ভোরের আকাশ/এসএইচ