তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে বিএনপি: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবো। তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। নতুন বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও কোটি কোটি দরিদ্র মানুষের বেঁচে থাকার অধিকার থাকবে। আমরা তারেক রহমানের নেতৃত্বে তা নিশ্চিত করবো, ইনশাআল্লাহ।
রোববার (৯ নভেম্বর) নরসিংদী ঘোড়াশালের ঘোড়া চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন রাজনীতিকে অনুসরণ করে এবং তারেক জিয়ার দিক নির্দেশনায় আমরা পুনরায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।
তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিলেন। তারা দুটি প্রধান উদ্দেশ্যে জীবন দিয়েছিল। প্রথমটি ছিল বাংলাদেশে গণতন্ত্র থাকবে, দ্বিতীয়টি ছিল প্রতিটি দরিদ্র মানুষ তার বেঁচে থাকার অধিকার নিয়ে সুখে-শান্তিতে জীবনযাপন করবে। কিন্তু স্বাধীনতার পরে ১৯৭২ থেকে ১৯৭৫ বাংলাদেশে গণতন্ত্রের পরিবেশে ফ্যাসিবাদ আওয়ামী লীগ একটি বাকশাল কায়েম করেছিল। তখন মানুষ বিদ্রোহ করেছিল। ১৯৭৫ সালে ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ছাত্র-জনতা ঢাকার রাজপথে নেমে এসে জনসমুদ্রে পরিণত করেছিল। বাকশালকে অপসারিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন।
বিএনপির বর্ষীয়ান এই নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে ২৬ মার্চের কালো রাতে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আমরা ৭ নভেম্বরের ঐতিহাসিক দিনটিতে স্মরণ করছি। আমরা বাংলাদেশের ইতিহাসকে নতুন করে উদ্ভাসিত করতে চাই। বিশ্বকে দেখিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ অন্যায়, পরাধীনতা, জুলুম, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার লঙ্ঘনকে স্বীকার করে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এমএ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ