জামায়াতের বিক্ষোভ কর্মসূচির তারিখ পরিবর্তন

‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি প্রদান এবং এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার (১২ আগস্ট) বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে অনিবার্য কারণে সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত হওয়া কর্মসূচি আগামী বুধবার (১৩ আগস্ট) একই সময় ও স্থানে অনুষ্ঠিত হবে। এর আগে বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় মঙ্গলবার বিকেল ৫টায় এ কর্মসূচি পালনের কথা ছিল।
এদিকে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার বিকেল ৫টা থেকে ঘণ্টাব্যাপী এই বৈঠক রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের সম্ভাবনা এবং দলীয় কর্মসূচি— যেমন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও জুলাই পদযাত্রা— নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ কালবেলাকে জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত এনসিপির সঙ্গেও বৈঠক করেছেন। আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান-পরবর্তী সংস্কার, রাজনৈতিক ইশতেহার এবং আগামী নির্বাচন ছিল মূল বিষয়। এর আগে বিএনপি ও জামায়াতের সঙ্গেও বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত।
অন্যদিকে, সম্প্রতি এনসিপি নেতারা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। যদিও সোমবার এ বিষয়ে হাইকমিশন আনুষ্ঠানিকভাবে জানায়, সাক্ষাৎটি কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ছিল প্রধান বিষয়। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে তারা এনসিপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ সম্পর্ক জোরদারসহ এনসিপির নীতিগত অগ্রাধিকার নিয়ে মতবিনিময় করেছে।
ভোরের আকাশ//হ.র