নির্বাচনি ব্যানার সরাতে নিজেই মাঠে নামলেন জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ হাতে একটি ব্যানার খুলে এই কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শনিবার সন্ধ্যায় দেওয়া পোস্টে বলা হয়, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে আজ ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় সম্মানিত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনি ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে সরাচ্ছেন।
সেই পোস্টে দেখা যায়, জামায়াত আমির নিজে মই বেয়ে উপরে উঠে ব্যানার সরাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায়, ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনি ফেস্টুন খুলছেন।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য (এমপি) হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়।
এর মধ্যে বিএনপি ২০৯, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬, বাংলাদেশ খেলাফত মজলিস দেই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এক, গণঅধিকার পরিষদ এক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এক, গণসংহতি আন্দোলন এক এবং খেলাফত মজলিস একটি আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ