দুর্গাপূজায় শান্তি বজায় রাখতে বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ভার্চুয়াল বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা যুক্ত ছিলেন।
রিজভী বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের সবার নৈতিক, রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব।”
তিনি পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সম্ভাব্য নাশকতা প্রতিহত করা এবং প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিএনপি নেতাকর্মীদের হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
রিজভী আরও বলেন, পূজামণ্ডপে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র চলছে। তাই প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সজাগ থাকতে হবে।
গত বছরের মতো এবারও দলীয় নেতাদের উদ্দেশে তিনি বলেন, “পূজা যাতে নির্বিঘ্নে ও সুন্দরভাবে শেষ হয়, সে বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। সুযোগসন্ধানীরা যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাই সতর্ক থাকবেন।”
ভোরের আকাশ // হ.র