সালাহউদ্দিন আহমদ
হাদি হত্যায় জড়িত থাকতে পারে স্বৈরাচারের দোসর ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে স্বৈরাচারের দোসর ও নির্বাচন পেছানোর ষড়যন্ত্রকারীরা জড়িত থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ ডিসেম্বর) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার দিনের লক্ষ জনতার সমাবেশ হবে। সেখান থেকে দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছি, তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু পতিত ফ্যাসিবাদী শক্তি কিংবা যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন এই ঘটনাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এদিকে শনিবার ওসমান হাদির জানাজায় অংশ নেওয়ার পূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যেন একে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে। সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচন পেছানো বা বানচাল করার মতো কোনো ষড়যন্ত্র যাতে সংঘটিত না হয়, সে জন্য দেশের সব জনগণকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে বিএনপির পক্ষ থেকে আমি নিজে, দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেক নেতাকর্মী উপস্থিত রয়েছেন। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করুন।
ভোরের আকাশ/এসএইচ