মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছি: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিটফোর্ডের ঘটনায় সকল ভাষা হারিয়ে ফেলেছি। তিনি বিদেশে অবস্থানরত থাকা অবস্থায় জেনে এই কথা বলেন।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ডের সামনে হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান লিখেছেন, এ কোন যুগ! কোন সমাজ! প্রকাশ্য দিবালোকে একজন ক্ষুদ্র, সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে শত শত মানুষের সামনে কতটা নির্মমভাবে হত্যা করা হলো!
তিনি আরও লেখেন, হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না- এ জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।
ইসলামীর আমির আরও লেখেন, হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো - আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না। অতএব, ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদেরকে সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।
এর আগে, গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ডের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এই মর্মান্তিক ঘটনা ঘটলেও মূলত শুক্রবার (১১ জুলাই) ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক সড়কে পড়ে থাকা একজন ব্যক্তিকে বড় আকারের একটি পাথর দিয়ে ওপর থেকে আঘাত করা হচ্ছে। কেউ নিথর শরীরে আঘাত করছে আবার কেউ মাথায় সজোরে আঘাত করছে। এতে ওই লোকটির মাথা থেতলে যায় এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ভোরের আকাশ/এসএইচ