নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান

কেবল আলোচনা নয় নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার জাইমা রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসির উদ্যোগে ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
জাইমা রহমান বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে শুধু আলোচনা করলেই হবে না; তাদের জন্য রাজনৈতিক, আর্থিক এবং নীতি-নির্ধারণী পর্যায়ে প্রবেশের প্রকৃত সুযোগ বা এক্সেস তৈরি করতে হবে।
তিনি আক্ষেপ করে বলেন, আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের ওইভাবে সুযোগ দেয়া হয় না। কিছু সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির কারণে মনে করা হয়, নারীরা হয়তো বেশি দূর যেতে পারবে না। এ বাধাগুলো দূর করতে হবে।
নেতৃত্ব বিকাশের জন্য ‘পাইপলাইন’ তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত একটি ধারাবাহিকতা সৃষ্টি করতে হবে। এটি ধরে রাখতে না পারলে আমরা যোগ্যদের সুযোগ দিতে পারব না।
রাজনীতিতে নারীদের সুরক্ষার বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে জাইমা রহমান বলেন, সেফটির দিক থেকে যদি কোনো নারী নেত্রী বা স্টুডেন্ট লিডারের কিছু হয়, তবে দলগুলোকে লিগ্যাল কোড অব কনডাক্টের মাধ্যমে তাদের প্রটেক্ট করতে হবে। দলকেই দায়িত্ব নিতে হবে যে, আমরা তার পাশে থাকব।
বক্তব্যে অর্থনৈতিক বৈষম্যকে রাজনীতির বড় বাধা হিসেবে উল্লেখ করে জাইমা রহমান। তিনি বলেন, অর্থনীতি বড় একটা বিষয়। নারী নেত্রীদের পর্যাপ্ত অর্থনৈতিক সুযোগ-সুবিধা দেয়া হলে রাজনীতিতে তাদের অংশগ্রহণ বাড়বে। যাদের মেধা আছে, তাদের সংসদীয় আসন বা স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে।
ভোরের আকাশ/এসএইচ