তারেক রহমানের ব্যস্ততম দিন

দেশে ফেরার তৃতীয় দিন কর্মময় ব্যস্তদিন কাটালেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল কর্মসূচির সময় অনুযায়ী বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পিলখানায় শহীদ ৫৭ সেনা কর্মকর্তা এবং প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা, সাবেক নৌ-বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের রুহের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন তিনি।
এসময় সবার আত্মার মাগফিরাত কামনায় তিনি পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন। পাশাপাশি ১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। অর্থাৎ ভোটার হলেন তিনি।
ওসমান হাদির ও কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন
গতকাল সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে বেলা সাড়ে ১১টায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবরে কাছে পৌঁছান। প্রথমে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মোনাজাত করেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে ফুল দেন ও মোনাজাত করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন শরিফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তবে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের আহত না থাকায় যান নি তারেক রহমান।
ভোটার হলেন তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান
ভোটার হওয়ার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন বিষয়ে আজ সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। দুপুর ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পেছনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে যান তারেক রহমান। ওই ভবনের নিচতলায় একটি কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এনআইডি সংক্রান্তসেবা দেওয়া হয়ে থাকে। ওই কক্ষে গিয়ে ছবি তোলা, দশ আঙুলের ছাপ দেওয়া, চোখের আইরিশ (চোখের মণির ছাপ) ও স্বাক্ষর করার কাজ করেন তারেক রহমান। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হওয়ার কাজ সেরেছেন তার কন্যা জাইমা রহমানও। মা জুবাইদা রহমানের সঙ্গে গতকাল বেলা সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ করেন জাইমা রহমান। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্রে জন্য ছবি তোলা, আঙুলের ছাপ, স্বাক্ষর দেওয়া ও আইরিশের প্রতিচ্ছবি (চোখের মনির স্ক্যনিং) এর মাধ্যমে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন জুবাইদা রহমান। ফলে তিনি তার জাতীয় পরিচয়পত্র আগেই পেয়েছেন।
এ প্রসঙ্গে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত হবে। ইসি সচিব জানান, তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম শেষ করেছেন। ভোটার তালিকা আইন, ২০০৯-এর ১৫ ধারার অধীনে কমিশনের এখতিয়ার রয়েছে যেকোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার যোগ্য নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার।
আখতার আহমেদ আরও জানান, তারা ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। ‘ফর্ম-২’ পূরণ করে তারা ছবি তুলেছেন, বায়োমেট্রিক ও আইরিশ তথ্য দিয়েছেন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন।
তারেক রহমানের এনআইডি নম্বর পাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়া আজ সম্পন্ন হলেও তথ্য আপলোড করে ফিঙ্গারপ্রিন্ট, সিগনেচার, ফেস ও আইরিশ মিলিয়ে যাচাই করতে কিছুটা সময় লাগে। যাচাই শেষে নিশ্চিত হলে তাদের এনআইডি নম্বর দেওয়া হবে। আশা করছি, আজকের মধ্যেই এটি সম্পন্ন হবে।
ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে ইসির সিদ্ধান্ত কবে হবে- এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি আগামী ১২ ফেব্রæয়ারির নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে সিদ্ধান্ত আজ রোববার কমিশনে উপস্থাপন করা হবে।
তিনি আরও জানান, কমিশনের সিদ্ধান্ত নেওয়া হয় দুটি উপায়ে-একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে, অন্যটি নথির মাধ্যমে। কমিশন চাইলে সভা করতে পারে বা নথির মাধ্যমেও বিষয়টি নিষ্পত্তি করতে পারে। এটি কমিশনের এখতিয়ার।
আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত
গতকাল দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে নিজের ছোট ভাই ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট ভাইর আত্মার শান্তি কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন তিনি। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরাফাত রহমান কোকো। পরে তার লাশ দেশে এনে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।
শশুর মরহুম মাহবুব আলী খানের কবর জিয়ারত
রাজধানীর বনানী কবরস্থানে শায়িত তারই শ্বশুর প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের বাবা, সাবেক নৌ-বাহিনী প্রধান, সাবেক কৃষি ও যোগাযোগমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পিলখানায় শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত
রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শায়িত পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে শহীদ হন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা।
দিনব্যাপী কর্মসূচিতে তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ