এনসিপি নেতা হান্নান মাসউদের বিরুদ্ধে করা রিট খারিজ

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৯ নভেম্বর) হাইকোর্টের রিটটি খারিজ করেন আদালত।
এর আগে গত ১৯ আগস্ট হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেনের পক্ষে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট এবিএম ইব্রাহিম খলিল।
সেদিন আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, হলফনামা সম্পর্কে অবগত না হয়েই আবদুল হান্নান মাসউদ তাতে স্বাক্ষর করে দাখিল করেছেন বলে তিনি নিজেই স্বীকার করেছেন। এ ঘটনাকে হলফনামা জালিয়াতি দাবি করে এর আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তারা।
রিটে হলফনামা জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসুদ শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নোয়াখালী-৬ আসনে জয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পান ৬৪ হাজার ২১ ভোট।
ভোরের আকাশ/জেআ