জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয় যুবশক্তির আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নইলে আওয়ামী লীগ এর সুযোগ নেবে।”
প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, “অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও প্রশাসনের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। আসন্ন নির্বাচনের আগে প্রশাসনের সংস্কার এবং নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসিনার আমলের বিগত নির্বাচনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের এক বছর হয়ে গেছে। এই সময়ে তারা কী করেছে, তা প্রকাশ করতে হবে। ভবিষ্যতের পরিকল্পনাও পরিষ্কারভাবে জানাতে হবে।”
দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তিনি অভিযোগ করে বলেন, “পৃথিবীর আর কোনো দেশে এমন মিডিয়া আছে কি না সন্দেহ। ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফআই নিউজ লিখে পাঠায়, আর মিডিয়া তা প্রকাশ করে। রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি সরাসরি মিডিয়ায় হস্তক্ষেপ করছে—ছবি তুলে পাঠায়, আর মিডিয়া তা প্রকাশ করে। ফলে গণমাধ্যম এখন জনগণের কণ্ঠস্বর না হয়ে বিভিন্ন এজেন্সির মুখপত্রে পরিণত হয়েছে।”
ভোরের আকাশ//হ.র