আরও হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন মির্জা ফখরুল

দেশে আরও হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। আমরা আশঙ্কা করছি, সামনে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ যখন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছে সেই সময় আবার নতুন করে দেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে।
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন তিনি বলেন, বাংলাদেশকে সম্পূর্ণভাবে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এই দিনে বারবার সেই শ্রেষ্ঠ সন্তানদের কথা জাতি মনে করবে, স্বাধীনতার চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
বিএনপি মহাসচিব জানান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। তাই দেশনেত্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, আমরা আজ শপথ নিয়েছি যেকোনো ত্যাগের বিনিময়ে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব এবং হারানো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ