হাসিনার তুলনায় অন্তর্বর্তী সরকার পরিস্থিতি আরও খারাপ করেছে: মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক অবস্থা মারাত্মকভাবে অবনতি হয়েছে। তিনি বলেন, “দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে, এই সরকার চব্বিশটা বাজায়ে দিয়েছে।”
শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনাসভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
মির্জা আব্বাস বলেন, “দেশে কত টাকা লুট হয়েছে, কারা কীভাবে আত্মসাৎ করেছে সে বিষয়ে প্রমাণসহ অনেক কিছু আমার কাছে রয়েছে, তবে এখন বলতে চাই না।” তিনি আরও অভিযোগ করেন, “বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে। একদল বিএনপিকে জনগণের সামনে আসামির মতো দাঁড় করানোর চেষ্টা করছে।”
ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাদের যেমন ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে, আমাদেরও তেমন ইচ্ছা আছে। যদি জনগণ ভোট দেয়, আমরা ক্ষমতায় যাবো; না দিলে মেনে নেবো। তবে আমরা ভোট চাই। গত ১৭ বছর আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি।”
মির্জা আব্বাস বলেন, “যারা জুলাই-আগস্টে হত্যাকাণ্ড চালিয়েছে—প্রশাসনের লোক হোক কিংবা অন্য কেউ—তাদের বিচার জরুরি। বিচার দ্রুত শেষ হয় না। নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে, কিন্তু বিচার হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না।”
ভোরের আকাশ//হ.র