তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী ফ্লাইট ‘বিজি ২০২’ বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এরই মধ্যে তার জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়ি সকাল ৭টার কিছু আগে বিমানবন্দরে পৌঁছেছে।
এই গাড়িতেই বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান।
এর আগে বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। একই ফ্লাইটে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ দলের প্রায় ৫০ জন নেতাকর্মী রয়েছেন। ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতির পর ঢাকায় পৌঁছাবে।
বিএনপি সূত্র জানায়, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অবস্থানের পর তিনি কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন এবং সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর বিকেলে এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে গুলশানের বাসভবন ফিরোজায় যাওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দরসহ রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে প্রিয় নেতাকে বরণ করতে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে ভিড় করেছেন লাখো মানুষ। তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন।
ভোরের আকাশ/তা.কা