হাসপাতালে ভর্তি সাবেক মন্ত্রী দীপু মনি

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৬টার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রোববার রাত দেড়টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু জানান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সকালে মুন্সিগঞ্জের কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে তার।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত রোগ রয়েছে দীপু মনির।
তার শারীরিক অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক না হলেও আমাদের এখানে চিকিৎসকরা মনে করেছেন তার আরেকটু ভালো চিকিৎসা দরকার, তাই আমরা ঢাকায় পাঠিয়েছি।
ভোরের আকাশ/জেআ