জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে চক্রান্ত হচ্ছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত। সেই চক্রান্তের লক্ষ্য- বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া। তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। তবে বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি বারবার প্রমাণ করেছে, ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে।
রোববার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ নামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি সম্পাদনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
বিএনপি মহাসচিব বলেন, কারাগারে বিএনপি নেতাদের টাকার লোভ দেখানো হয়েছে, কেউই যায়নি। এটা দলের শক্তি। তারেক রহমানের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, যা অ্যালার্মিং। একটা মারাত্নক আক্রমণের শিকার আমরা। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের ওপর পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় করবার জন্য, বিএনপিকে গুঁড়িয়ে দেওয়ার জন্য।
বিএনপি মহাসচিব আরও বলেন, 'সবচেয়ে মারাত্মক যেটা সেটা হচ্ছে প্রথমবারের মতো এবার আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে আক্রমণ হয়েছে। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে ছোট করে কথা বলা হয়েছে।
ফখরুল বলেন, বিএনপির বিরুদ্ধে মিথ্যা ক্যাম্পেইনের জবাব সাথে সাথে দিতে হবে। দলের মধ্যে বারবার বলেছি, কিন্তু সেরকম গুরুত্ব পায়নি।
'এখন মিডিয়া পাল্টে যাচ্ছে। এখন খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়াই শুধু আমাদের প্রভাবিত করছে না। আমাদের সোশাল মিডিয়া প্রচণ্ড প্রভাবিত করছে মানুষকে। সেইসঙ্গে সাইবার ওয়ার্ল্ডের যুদ্ধ, সেই যুদ্ধের জন্য প্রস্তুতির ব্যাপারে বারবার বলেছি। এ জায়গায় আমরা খুব দুর্বল। এই জায়গাটি আরও সবল করা দরকার,' বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, 'আইটি সেক্টরে তরুণদের আরও বেশি যুক্ত হওয়া দরকার। কারও অনুমতির অপেক্ষায় থাকার দরকার নাই। যে ক্যাম্পেইন চলছে, সেই ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে।'
'বিএনপির বড় দুর্বলতা বই না পড়া' উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'আমাদের খুব বড় দুর্বলতা আছে। এটা স্বীকার করবেন কি না জানি না। আমরা পড়তে চাই না। পড়াশোনা আমাদের কাছে বিষয় না। এটাকে বদলাতে হবে। পড়তে হবে আমাদের সবাইকে।'
'পড়াশোনা যত ভালো হবে, লড়াইটা তত শক্তভাবে করা যাবে। এই কথা আমাদের মনে রাখতে হবে। পড়তে হবে আমাদের সব বিষয়ে। ওরা কী বলছে সেটাও পড়তে হবে, ওরা কোন জায়গায় আক্রমণ করছে সেটাও জানতে হবে, একইসঙ্গে এর জবাব কী হবে তাও জানতে হবে,' বলেন বিএনপি মহাসচিব।
ভোরের আকাশ/আজাসা