মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, হজরত মুহাম্মদ (সা.)-এর আগমনের মাধ্যমে মানবজাতি কল্যাণ ও শান্তির নিশ্চয়তা পেয়েছে। তিনি বিশ্বের সব অন্যায়, নিপীড়ন, বৈষম্য ও কুসংস্কারের অন্ধকার যুগ থেকে মানবজাতিকে মুক্ত করার জন্য মানবতার মুক্তির দিশারি হিসেবে উদ্ভাসিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রদত্ত বাণীতে তারেক রহমান বলেন, “ঈদে মিলাদুন্নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমনের আনন্দ উদযাপন এবং তার জীবন ও শিক্ষা থেকে শিক্ষা গ্রহণের দিন। তিনি মানবজাতিকে পরিশোধন করেছেন এবং কুরআনসহ কাজের মাধ্যমে ন্যায় ও তাওহিদ প্রতিষ্ঠার মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
তারেক রহমান আরও বলেন, “রাসুল (সা.)-এর আদর্শের মাধ্যমে মানুষ ন্যায়, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম ও সৃৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস অর্জন করে। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে আইন, বিচার ও প্রশাসনে যে অরাজকতা বিরাজ করেছিল, তা দূর করে তিনি সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করেন। সমাজে নির্যাতিত ও বঞ্চিতদের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহিষ্ণুতা, শিশু ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় তার আদর্শ অতুলনীয়।”
তিনি প্রার্থনা করেন, মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা যেন সকলের জীবনে প্রতিফলিত হয়।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাণীতে বলেন, “আজ বিশ্বজগতের এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আগমনের দিন। নবীজির জীবন সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের অনুকরণে চলার প্রেরণা দেয়। আমি দেশবাসী ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করছি।”
ভোরের আকাশ/হ.র