অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির

তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বাড়ছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সবাইকে সতর্ক করে তিনি বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বাড়ছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
মিটফোর্ডের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেলেও তিনজনকে বাদ দিয়ে মামলায় অন্য তিনজনকে আসামি করা হয়েছে। এর পেছনে উদ্দেশ্য আছে কি না, সেটা খতিয়ে দেখতে হবে।
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি বলেন, আমরা সবসময় দায়িত্বপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নিই।
তিনি বলেন, রগ কাটা রাজনীতির ইতিহাস একটি নির্দিষ্ট দলের। এসব ঘটনার পেছনে প্রশাসনিক ব্যর্থতা রয়েছে।
সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ